
হাসান তারেক মুকিম:
কক্সবাজারের রামুতে সুবিধাবঞ্চিত ৪২টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় উপজেলার দক্ষিণ মিঠাছড়ির আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে চ্যারিটি রাইট নামের সংগঠনের সহযোগিতায় ও কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আশরাফ উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক ও উদার ব্যক্তিত্ব। দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না এটিই ছিল তার স্বপ্ন। সেই লক্ষকে পুঁজি করে মুজিববর্ষে গৃহহীন-ভূমিহীনদের ঘর উপহার দিয়ে তার স্বপ্নের সফল বাস্তবায়ন করেছেন। যাদের কিছুই ছিল না, আজ তাদের ঘর দিয়ে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। মো: আশরাফ উদ্দিন উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, ঘরের মালিকানা সারাজীবনের জন্য আপনাদের, তাই এই ঘরের রক্ষনাবেক্ষনা, পরিস্কার-পরিচন্নতায় যত্নবান হওয়ার পাশাপাশি সকলকে মিলেমিশে বসবাস করার আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যের পরে উপকারভোগীদের মধ্যে মুজিববর্ষের ঘর পেয়ে আনন্দের কথা ব্যক্ত করেন হামিদা বেগম ও দিলরুবা ইয়াসমিন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফার সঞ্চালনায় সভাপতি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আনোয়ার পাশা। উপস্থিত ছিলেন, চ্যারিটি রাইট এর চেয়ারম্যান আশফাক উদ্দিন, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হোসাইন, এলজিইডি রামু প্রকৌশলী মঞ্জুর হাসান ভূঈয়া, দক্ষিন মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, তহসিল কর্মকর্তা মোঃ শাহেদ, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোয়েব সাঈদ, একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ প্রমূখ ।














