
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারে ছোট বোনের বিয়ের দাওয়াত দিতে গিয়ে মিনি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ভুট্টো (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও দুইজন যাত্রী।
বুধবার (১১জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলা বাংলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভুট্টো কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জনান, আগামীকাল তার ছোট বোনের বিয়ে। রামুতে আত্মীয়দের দাওয়াত দিতে বিয়ের কার্ড নিয়ে যাওয়ার পথে কক্সবাজার মুখী মিনি ট্রাকের সঙ্গে রামুমুখী সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভুট্টোকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, কক্সবাজার মুখী মিনি ট্রাকের সঙ্গে রামুমুখী সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচরে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে এক যুবকের মৃত্যু হয়। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।













