রামুতে গরু ডাকাতি বন্ধের দাবিতে মানববন্ধন

0
8

 

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে গরু ডাকাতি ও চুরির বিরুদ্ধে রামু ডেইরি ও প্রান্তিক খামারিদের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

রবিবার(১৫ জানুয়ারী) সকাল সাড়ে এগারটায় রামু উপজেলা পরিষদ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে শতাধিক খামারি অংশ নেয়।

মানববন্ধনে উপজেলার খামারি ও ডেইরি ও প্রান্তিক খামারি এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ বলেন, আমার নিজের খামার থেকেই পাঁচটা গরু ডাকাতি করে নিয়ে গেছে অস্ত্রধারী ডাকাতদল। সম্প্রতি রামুতে আশংকাজনকহারে গরু ডাকাতি ও খামারিদের হত্যার ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসন কিছুই করতে পারছে না। বর্তমানে অনেক গরুর খামার বন্ধ হয়ে গেছে। তিনি আরো বলেন, রামু থানা থেকে মাত্র ১ কিলোমিটার দূরত্বে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ ডাকাতি প্রতিরোধে কোন ভুমিকা পালন করেনি। এমনকি ঘটনার পরও পুলিশের কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। প্রশাসনের দায়সারা কর্মকান্ড জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে গরু ডাকাতি ও খামারিদের হত্যার প্রতিবাদে খামারিরা একটি প্রতীকী গরুর গায়ে ‘অস্ত্রধারী ডাকাতদের হাত থেকে আমাদেরকে বাঁচান’ স্লোগানে একটি ব্যানার প্রদর্শন করা হয়। পাশাপাশি ‘সরকার বলে উদ্যোগী হও, ডাকাত বলে দেখে নেবো’ সহ আরও বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড দেখা গেছে।

রামুতে গত এক বছরে আশংকাজনকহারে গরু ডাকাতি ও চুরির ঘটনা ঘটলেও ডাকাতদলের সদস্য আটক বা গরু উদ্ধারের তেমন কোন ঘটনা নেই উল্লেখ করে মানববন্ধনে একাধিক খামারি ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিক সুজন রামু উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু উপজেলা ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, সাধারণ সম্পাদক আকতার কামাল আজাদ, সদস্য মোহাম্মদ দিদারুল আলম, জাহাঙ্গীর হোসেন কোম্পানী, প্রান্তিক চাষি শিরিন আকতার ও জয়নাব বেগম প্রমূখ।

মানববন্ধন ও সমাবেশ শেষে গরু চুরি-ডাকাতি বন্ধের দাবিতে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফার কাছে স্মারকলিপি প্রদান করেন- ডেইরী ফার্ম মালিক ও প্রান্তিক কৃষকরা।

উল্লেখ্য যে, গত বছরের ২০ নভেম্বর মেরংলোয়ার মোবাশ্বর আহমদের বাড়ি থেকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য পরিচয়ে তিনটি গরু, এবছরের ৮ জানুয়ারি সিকদার পাড়া নুরুল হকের বাড়ি থেকে ৪টি গরু, ১০ জানুয়ারি অফিসেরচরের কৃষক মো: আলীর বাড়ি থেকে দুটি গরু ডাকাতি এবং তার ভাতিজাকে হত্যা করে। এসব ডাকাতি ও হত্যার ঘটনায় এখনো পর্যন্ত কোন গরু উদ্ধার বা কাউকে আটক করা যায়নি।

 

আগেকিডনি রোগে আক্রান্ত মাওলানা হাফেজ মাহমুদুল হকের ইন্তেকাল
পরেরামুতে শীত বস্ত্র বিতরণ করলেন ইউএনও ফাহমিদা মুস্তফা