
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহরণের ২৪ ঘন্টা পর ১ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেল অপহৃত ২ যুবক। মুক্তিপণের টাকা পেয়েই শনিবার রাত আনুমানিক সোয়া নয়টায় অপহৃত যুবক রিফাত ও আবু তাহেরকে ছেড়ে দেয়া হয়।
মুক্তি পাওয়া দুই যুবক হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তোফান আলী পাড়া গ্রামের গফুরের ছেলে আবু তাহের (২৪) ও ছৈয়দুল হকের ছেলে রিফাত (২০)।
মুক্তি প্রাপ্ত যুবকদের পরিবার জানান, অপহরণকারীরা প্রথমদিন জনপ্রতি ৩ লাখ করে ২ জনের কাছ থেকে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল। মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দেয়া হয়। পরে আজকে আবারো অপহৃত যুবকদের পরিবারকে ফোন করে মুক্তিপণের টাকার ব্যাপারে তাগাদা দেয় অপহরণকারীরা। সারাদিন দর কষাকষির শেষমেষ জনপ্রতি ৫০ হাজার করে উভয়কে ১ লক্ষ টাকায় মুক্তিপণে ছেড়ে দিতে সম্মত হয় তারা। অবশেষে আজ রাত সোয়া ৯ টায় ১ লাখ টাকার বিনিময়ে অপহৃতদের অপহরণের একই স্থানে ছেড়ে দেয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
উল্লেখ্য যে গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) ঈদগড়-ঈদগাঁও সড়কের সত্বারা এলাকায় ২ যুবক অপহরণের শিকার হয়। অপহরণের প্রায় ২৪ ঘন্টা পর আজ শনিবার রাত সোয়া ৯ টার দিকে অপহৃত আবু তাহের ও রিফাতকে এক লক্ষ টাকা মুক্তিপণে একই স্থানে ছেড়ে দেয়া হয়।
এব্যাপারে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, অপহরণের ব্যাপারে জেনেছেন। কিন্তু কেউ থানায় অভিযোগ করেননি। ঈদগাঁও থানা পুলিশ অপহরণ-ডাকাতি বন্ধে নিয়মিত পুলিশি টহল ও অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছেন।













