
রামু প্রতিনিধি:
রামুর কাউয়ারখোপে ইউপি সদস্যের নেতৃত্বে জমি জবরদখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ পাওয়া গছে। সোমবার, ২৫ সেপ্টেম্বর ভোর চারটায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব কাউয়ারখোপ এলাকায় এ ঘটনায় ঘটে। ভাংচুরের এ ঘটনায় নেতৃত্ব দেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে সদস্য মো. হাসান। এ ঘটনায় রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন- ওই এলাকার মো. ইছার ছেলে জমির মালিক ওমর আল ফারুক।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযোগকারি ওমর আল ফারুক ও তার প্রবাসী ভাই মোস্তফা কামাল ৪০ শতক জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমির চারপাশে পাকা এবং টিনের ঘেরাবেড়াও রয়েছে। অভিযোগকারি কক্সবাজার শহরে ব্যবসায়িক কারণে বসবাস করেন। অপর ভাইও প্রবাসে থাকেন। এ সুযোগে ইউপি সদস্য মো. হাসানের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দীর্ঘদিন জমিটি জবরদখলের অপচেষ্টা ও হুমকি ধমকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে সোমবার ভোরে ইউপি সদস্য হাসান ও তার সহযোগিরা লাটি-সোটা নিয়ে ওই জমিতে গিয়ে জমির মালিকদের গালমন্দ শুরু করেন এবং এক পর্যায়ে পাকা সীমানা প্রাচীর ভাংচুর করেন।
এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান- জমির মালিক ওমর আল ফারুক। গোলাম কাদেরের ছেলে ইউপি সদস্য হাসান ছাড়াও একই এলাকার শামসুল আলমের ছেলে মো. দিদার, আবদুস শুক্কুরের ছেলে এরশাদ উল্লাহ, চাঁন মিয়ার ছেলে কলিম উল্লাহসহ অজ্ঞাত ভাড়াটে সন্ত্রাসীরা এ হামলা ও ভাংচুর চালায়।
তদন্তকারি কর্মকর্তা রামু থানার এএসআই জহির উদ্দিন জানিয়েছেন- এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।













