
হাসান তারেক মুকিম,রামু
কক্সবাজারের রামুর গর্জনিয়ায় সশস্ত্র দুর্বৃত্তের আক্রমণে ২ জন নিহত হয়েছে। সোমবার রাত ১ টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতদলের আক্রমণে নিহতরা হলেন, গর্জনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) ও মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২)। নিহতরা সম্পর্কে পিতাপুত্র বলে জানা গেছে।
গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১টায় গর্জনিয়া উত্তর থোয়াঙ্গাকাটা নজরুলের দোকানে স্থানীয়দের সাথে বসে আলাপ করছিলেন মোহাম্মদ সেলিম ও তার পিতা জাফর আলম। এমতাবস্থায় আকস্মিক কালো মুখোশ পড়া একদল অস্ত্রধারী সন্ত্রাসী এসে তাদের উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে, এবং ধারালো দা- কিরিচ দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের ধারনা, গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রামু থানা অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান জানান, ঘটনাটি তদন্তাধীন, সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।













