
এম আবদুল্লাহ আল মামুন:
সারা দেশের ন্যায় কক্সবাজার জেলাতেও প্রাণবন্তভাবে পালিত হলো “বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫”।
“দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে”, এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রাণিসম্পদ দপ্তর, কক্সবাজার এর উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১ জুন সকাল ১০:ম টায় কক্সবাজার জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বর্ণাঢ্য র্যালী শেষে কক্সবাজার জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ, এম খালেকুজ্জামানের সভাপতিত্বে ও রামু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,
ডা: অসীম বরন সেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) ইমরান হোসাইন সজীব বলেন, “দুধ একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য। দুধ দিবসের প্রতিপাদ্যে উদ্দীপিত হয়ে দুধের উৎপাদন বৃদ্ধি করতে সকলকে একযোগে কাজ করতে হবে। দুধে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। এতে করে মেধাবী জাতিতে পরিণত হবো আমরা। এত সুন্দর আয়োজনের মাধ্যমে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।”
বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: কনিনীকা দস্তিদার বলেন, “দুধ একটি সুপারফুড। দুধে রয়েছে ল্যাক্টোজ, যা শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। তাই প্রতিদিন এক গ্লাস করে দুধ পান করা উচিত”।
সভাপতির বক্তব্যে কক্সবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ, এম খালেকুজ্জামান বলেন, “ দুধ শুধু একটি পুষ্টিকর খাদ্যই নয়, দুগ্ধশিল্পের সাথে গ্রামীণ অর্থনীতি, জীবন-জীবিকা ও টেকসই উন্নয়ন নির্ভর করে। তিনি আরো বলেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর উদ্যোগে সর্বপ্রথম ২০০১ সালে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২০১৩ সাল থেকে বাংলাদেশেও এই দিবসটি উদযাপন করা হচ্ছে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবদুল্লাহ আল মাসুদ, দুধের পুষ্টিগুণ, জাতীয় অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান, এবং জনসচেতনতা বৃদ্ধির করণীয় বিষয়ে চমৎকারভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করেন উখিয়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ছৈয়দ হোসেন।
সভায় আরো উপস্থিত ছিলেন চকরিয়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আরিফ উদ্দিন, পেকুয়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামানসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যায়লের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ, জেলার ডেইরী খামারীগণ।
আলোচনা সভা শেষে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কারের চেক বিতরণ করা হয়। এবং পুরস্কার বিতরণী শেষে স্থানীয় বেতার ও টেলিভিশন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।













