
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সম্ভ্রান্ত ও শিক্ষিত পরিবারের কনিষ্ঠতম সদস্য, সোনালী ব্যাংক জামালখান শাখার সিনিয়র অফিসার আজিজা সুলতানা (৩৪) গত ১৯ জুন ২০২৫ খ্রি. তারিখ রাতে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজিজা সুলতানা রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়া গ্রামের সাবেক প্রাথমিক শিক্ষক মরহুম আলহাজ্ব মৌলানা গোলাম হোছাইনের কনিষ্ঠতম কন্যা। পারিবারিক সূত্রে জানা যায়, সন্তান প্রসব পরবর্তী জটিলতায় তার পেটে টিউমার ধরা পড়ে। সিজারিয়ান অপারেশন ও পরবর্তীতে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ বছর বয়সী এক পুত্রসন্তান এবং স্বামীকে রেখে চলে যান না ফেরার দেশে।
শিক্ষাজীবন ও কর্মজীবন:
আজিজা সুলতানা ছিলেন মরহুম আলহাজ্ব মৌলানা গোলাম হোছাইনের কনিষ্ঠতম কন্যা, যিনি পেশায় ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
আজিজা শিক্ষা জীবন শুরু করেন মেরংলোয়া রহমানিয়া দাখিল মাদ্রাসা থেকে। কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করে ২০০৮-২০০৯ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং সাফল্যের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
২০১৯ সালে তিনি সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদান করেন এবং সর্বশেষ কর্মস্থল ছিলো চট্টগ্রাম নগরীর জামালখান শাখা।
তার স্বামী মোঃ আসাদুজ্জামান মামুন একজন বিসিএস শিক্ষা ক্যাডার (৩৪তম ব্যাচ)। বর্তমানে তিনি চট্টগ্রাম কমার্স কলেজে ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।
সম্ভ্রান্ত পরিবারের রত্ন:
আজিজা সুলতানার পরিবারটি রামুর জোয়ারিয়ানালার অন্যতম শিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত পরিবার। তার ভাইবোনদের অধিকাংশই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত রয়েছেন।পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন—
শরিফুল হক: মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিলে
আজিজুল হক: সিনিয়র প্রিন্সিপাল অফিসার, রূপালী ব্যাংক পিএলসি
খুরশিদা আক্তার: প্রিন্সিপাল অফিসার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
কামরুন্নাহার: সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়
আনোয়ারুল হক ও আতাউল হক: প্রবাসী, সৌদি আরব
সাজেদা বেগম ও তছলিমা আক্তার: গৃহিণী
অকাল প্রয়াণে এলাকাবাসীর শোক:
আজিজা সুলতানা ছিলেন পরিবারের সবার প্রিয়, বিনয়ী ও শিক্ষিত এক মুখ। তার অকাল প্রয়াণে শুধুমাত্র পরিবারের নয়, পুরো জোয়ারিয়ানালা ইউনিয়নে নেমে এসেছে গভীর শোক ও স্তব্ধতা। আত্মীয়-স্বজন, সহকর্মী এবং প্রতিবেশীদের মাঝে চলছে শোকের মাতম।













