
রামু প্রতিনিধিঃ
কক্সবাজারের বাঁকখালী নদীতে ভাসানো হয়েছে ঐতিহ্যবাহী নয়টি কল্পজাহাজ। বাঁশ, কাঠ, বেত এবং রঙিন কাগজের উপর কারুকাজে তৈরি কল্পজাহাজ ভাসানো উৎসবকে ঘিরে বাঁকখালী নদীর দুই তীরে বসছে হাজারো মানুষের মিলনমেলা।
সোমবার (১৪ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলেছে ঐতিহ্যবাহী কল্পজাহাজ ভাসানো উৎসব।বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন জাহাজ ভাসানো উৎসবের আয়োজন করা হয়। মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব হলেও হিন্দু, মুসলিম এবং দেশি-বিদেশি পর্যটকদের অংশগ্রহণে উৎসবস্থল হয়ে ওঠে সার্বজনীন।
উৎসবস্থলে দেখা গেছে, পাঁচ-ছয়টি নৌকার উপর বসানো হয়েছে এক-একটি কল্পজাহাজ। রঙ-বেরঙের কাগজ আর বাঁশ-কাঠের অর্পূব কারুকাজে তৈরি প্রতিটি জাহাজই নজরকাড়া। আর আকর্ষণীয় নির্মাণশৈলী আর বৈচিত্র্যে ভরা প্রতিটি জাহাজেই বাজছে বুদ্ধ কীর্তন-বুদ্ধ, ধর্ম, সংঘের নাম সবাই বলো রে ‘বুদ্ধের মতো এমন দয়াল আর নাইরে’।
আবার কোনো কোনো জাহাজে নানা বাদ্য বাজিয়ে তারা নাচছে আর গাইছে। নদীতে ভাসতে ভাসতে জাহাজগুলো যাচ্ছে নদীর এপার থেকে ওপারে।
এবার ভাসানোর জন্য হাই-টুপি, শ্রীকুল, পূর্ব মেরংলোয়া, জাদী পাড়া, উত্তর মিঠাছড়ি, হাজারীকুল, উত্তর ফতেখারকুল, দ্বীপ শ্রীকুল, পূর্ব রাজারকুলসহ ১০টি কল্পজাহাজ তৈরি করা হয়।
জাহাজ ভাসা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর ও রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
শুরুতে জাহাজ ভাসা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা,সহকারী কমিশনার ভূমি চাই থোয়াইহলা চৌধুরী, এটি এন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নি সাহা,বৌদ্ধ ধর্মীয় ট্রাস্টের সুপ্ত ভূষন বড়ুয়া,রামু থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের, ওসি তদন্ত মিজানুর রহমান, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম,রাজারকুল চেয়ারম্যান মুফিজুর রহমান, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ, গর্জনিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, তরুণ বড়ুয়া, বাবুল শর্মা,পলক বড়ুয়া আপ্পু,সন্তোষ বড়ুয়া সহ সামাজিক ও রাজনৈতিক সংঘটনের নেতৃবৃন্দ।রামু কেন্দ্রীয় প্রবারণা পূর্ণিমা ও জাহাজ ভাসা উৎসব ২০১৯ এর সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া বোথামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাবু স্বপন বড়ুয়া ও সভাপতিত্ব করেন রামু কেন্দ্রীয় প্রবারনা পূর্ণিমা ও জাহাজ ভাসা উৎসবের সভাপতি রিগ্যান বড়ুয়া।













