
কক্সবাজার খবর ডেস্কঃ
কক্সবাজার শহরে সাজাপ্রাপ্ত পলাতক শীর্ষ এক ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কক্সবাজার শহরের ঘোনার পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজার ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া।
গ্রেপ্তার মোহাম্মদ আরিফ (২৫) কক্সবাজার শহরের ঘোনার পাড়ার বাসিন্দা নুরুল আলমের ছেলে।
পরিদর্শক মানস বড়–য়া বলেন, সন্ধ্যায় কক্সবাজার শহরের ঘোনার পাড়ায় ছিনতাই মামলার সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ আরিফ অবস্থান করছে খবরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশ সদস্যদের দেখতে পেয়ে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরাও ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তার কাছ ছিনতাই করা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, মোহাম্মদ আরিফ একজন চিহ্নিত ও শীর্ষ ছিনতাইকারি। ছিনতাইয়ের অভিযোগে কক্সবাজার সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় আদালত তাকে ২ বছরের সাজা প্রদান করেছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
গ্রেপ্তার ছিনতাইকারি আরিফকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিবি পরিদর্শক মানস।













