
কক্সবাজার খবর ডেস্কঃ
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার একরাম মিয়ার লাশ মিললো সদর হাসপাতালে। ৩১ অক্টোবর বৃহষ্পতিবার ৩ টার দিকে কক্সবাজার শহরের বড়ছড়া এলাকা থেকে তার মৃতদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে বলে জানায় স্থানীয় লোকজন। নিহত একরাম মেম্বার বর্ণিত ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার নুরুল হকের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতাল মারফত খবর পেয়ে সদর থানা থেকে একদল পুলিশ পৌঁছে মৃতদেহের সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি এখনো । তবে তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানাসহ বিভিন্ন থানা কোর্টে ১৩/১৪ টি মত মামলা রয়েছে বলে জানতে পারে পুলিশ। মানবপাচার, খুন, অস্ত্র, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, নাশকতা,সার পাচার, মারধরসহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিল একরাম।
গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে কক্সবাজার সদর উপজেলা চত্বর থেকে একদল সাদা পোশাকধারী লোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একরাম মেম্বারকে তুলে নিয়ে যায় বলে জানান তার ছোট ভাই নুরুল আজিম।













