
কক্সবাজার খবর ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফে ধান ক্ষেত থেকে ৫০ হাজার পিস উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) ভোর রাতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধীনস্থ লেদা বিওপির একটি বিশেষ টহলদল টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বিওবির দায়িত্বপূর্ণ উত্তর লেদা এলাকার খালের পার্শ্বে ধান ক্ষেত থেকে এই ইয়াবা গুলো উদ্ধার করে।
টেকনাফ ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ১৭ নভেম্বর রবিবার ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বিওবির দায়িত্বপূর্ণ উত্তর লেদা এলাকার খালের পার্শ্বে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে লুকায়িত থাকতে পারে। এমন সংবাদে টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির অধীনস্থ লেদা বিওপির একটি বিশেষ টহলদল দ্রুত এলাকায় গমন করে। বিজিবির টহলদলের উপস্থিতির টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল আনুমানিক ২ ঘন্টা খালের পাড়, ধান ক্ষেত ও আশেপাশের বাড়ীঘরে ব্যাপক তল্লাশী চালানো হয়। তল্লাশীর এক পর্যায়ে টহলদল ধান ক্ষেতের মধ্যে হতে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।
প্রাপ্ত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।













