
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন এবং কোয়ারেন্টাইন ইউনিট পরিদর্শন করেছেন-কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। কক্সবাজার জেলায় সম্ভাব্য করোনা প্রাদুর্ভাবে জরুরী ভিত্তিতে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এই আইসোলেশন এবং কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। বুধবার ১১ মার্চ আইসোলেশন এবং কোয়ারেন্টাইন ইউনিট পরিদর্শনকালে আইসোলেশন কমিটি, জরুরী রেসপন্স টীম এবং কন্ট্রোল রুম ঘুরে ফিরে দেখেন। রামুতে স্থাপিত আইসোলেশন এবং কোয়ারেন্টাইন ইউনিটের কন্ট্রোল রুম নং হলো ০১৭২৮৮৮৫১৯২।
এসময় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন করোনা ভাইরাস নিয়ে অহেতুক আতংকিত না হয়ে সচেতন হতে এবং তথ্য দিয়ে জেলা প্রশাসনকে সহায়তা করার আহবান জানান। করোনা ভাইরাস নিয়ে কেউ গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রামু’র ইউএনও প্রণয় চাকমা, রামু থানার ওসি আবুল খায়ের, রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আপসানা জেসমিন পপি, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, সহকারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।













