
হুমায়ূন রশিদ :
হ্নীলায় কতিপয় অসাধু ব্যক্তি পশু-পাখি ও হাঁস-মুরগী ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার চালিয়ে আসছে। কবুতরের খাঁচার ভেতরে করে অভিনব কায়দায় পাচারের সময় ইয়াবাসহ এক মোরগ-কবুতর ব্যবসায়ীকে আটক করেছে চেকপোস্টে দায়িত্বরত বিজিবি।
সুত্র জানায়, ১২মার্চ সকাল ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা হ্নীলা হতে পালংখালীগামী একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশীকালে এক ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদের পর সাথে থাকা কবুতরের খাঁচার নীচে অভিনব কায়দায় ফিটিং করা ৬০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করে। যা গণনা করে ৩৬লক্ষ টাকা মূল্যমানের ১২হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় হ্নীলা নাটমোরা পাড়ার আব্দু শুক্কুরের পুত্র মুরগী ও কবুতর ব্যবসায়ী মোঃ আব্দুল খালেক (২৭) কে মুঠোফোন ও নগদ টাকাসহ আটক করে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।
উল্লেখ্য, কৌশল পরিবর্তন করে এখনো সক্রিয় মাদক কারবারী ভাল মানুষ পরিচয় বহন করার জন্য গরু-মহিষ, মোরগ-কবুতর ব্যবসায়ী, সিএনজি ও টমটম চালক আবার অনেকে দোকান মালিক সেজে সাধু হওয়ার ভান করে আছে বলে জানা গেছে। তাদেরও সনাক্ত করে আইনের আওতায় আনা দরকার বলে সচেতনমহল মনে করেন।













