
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলার নিকটবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগীর শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সর্বশেষ পরীক্ষা করা ৪১ জনের মধ্যে ৪০ জনের ফলাফল নেগেটিভ হলেও নাইক্ষ্যংছড়ির এক ব্যক্তির পজেটিভ এসেছে।
এ নিয়ে গত ১৫ দিনে কক্সবাজার মেডিকেল ল্যাবে ২৯১ জন সন্দেহভাজন করোনা ভাইরাস রোগীর নমুনা টেষ্ট করা হয়। এর মধ্যে ২৯০ জনের রিপোর্ট এসেছে ‘নেগেটিভ’। বৃহস্পতিবার প্রকাশ করা ফলাফলে একজনের পজেটিভ পাওয়া গেছে। তবে এ আক্রান্ত ব্যক্তি বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার। যে হিসেবে কক্সবাজার জেলা এখনো করোনা মুক্ত।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া বলেন, কক্সবাজার মেডিকেল ল্যাবে বুধবার কক্সবাজারের ৮টি উপজেলা, পার্বত্য জেলা বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা, উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবির থেকে মোট ৪১ জনের সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।
পহেলা এপ্রিল থেকে ল্যাবটি চালু হয়েছে। ল্যাব কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, এপ্রিলের প্রথম ৫দিনে ২৪ জন, ৬ এপ্রিল ২৫ জন, ৭ এপ্রিল ২৪ জন, ৮ এপ্রিল ২৭ জন, ০৯ এপ্রিল ৩৭ জন, ১০ এপ্রিল ৯ জন, ১১ এপ্রিল ৩২ জন, ১২ এপ্রিল ২৪ জন, ১৩ এপ্রিল ৩১ জন, ১৪ এপ্রিল ১৭ জন ও ১৫ এপ্রিল ৪১ জনের নমুনা টেষ্ট করা হয়। সবমিলিয়ে মোট ২৯১ জনের পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। এর মধ্যে একজনের পজেটিভ পাওয়া গেল। সুত্রঃ কক্সবাজার টাইমস













