কক্সবাজার জেলার ত্রাণের হিসাব নিকাশ…

0
6

বিশেষ প্রতিনিধি, কালেরকন্ঠ( কক্সবাজার)

করোনা ভাইরাস সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধের ফলে সাময়িকভাবে কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য কক্সবাজার জেলায় এ পর্যন্ত ৫ দফায় সরকারি বরাদ্দ বিতরণ করা হয়েছে। কক্সবাজারের ৮ টি উপজেলা এবং ৪ টি পৌরসভায় সরকারি বরাদ্দ হারাহারি মতে এবং উপকারভোগিদের করা তালিকা অনুযায়ি জেলা প্রশাসন বণ্টন করেছে।

এ সব বিষয় নিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, সরকারি নির্দেশনা মতে কর্মহীন লোকজনের মাঝে ত্রাণসামগ্রী যথারীতি বিতরণ করা হচ্ছে। সরকারি ত্রাণ বিতরণের বিষয় নিয়ে সরকারি কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য মহল বিশেষ নানা বিভ্রান্তিও ছড়াচ্ছে বলে জেলা প্রশাসক জানান।

তাই জনগনের কাছে সরকারি ত্রাণ বরাদ্দের তথ্য প্রদান জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন জেলা প্রশাসক। তিনি বলেন, খোদ মাননীয় প্রধানমন্ত্রী দেশের সবগুলো জেলায় এসব কর্মকান্ড তদারকির জন্য একজন করে সচিব নিয়োগ করেছেন। জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব মহোদয়ের সাথে পরামর্শ এবং তাঁর দিক নির্দেশনার মাধ্যমেই ত্রাণ বিতরেণের কাজ চলছে।

কক্সবাজার জেলায় এখন পর্যন্ত বরাদ্দ পেয়েছে, জিআর চাল ১৮৫০ মেট্রিক টন, জিআর ক্যাশ ৯৬ লাখ টাকা, শিশুখাদ্য ক্রয়বাবদ নগদ অর্থ ২৭ লাখ টাকা। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিকট হতে প্রাপ্ত চাহিদার ভিত্তিতে এ সকল ত্রাণ চাল পরিবার সংখ্যা, দারিদ্রতা, ঝুঁকির মাত্রা প্রভৃতি বিবেচনায় উপজেলা ভিত্তিক উপ-বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলায় বরাদ্দের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।

এখনো জরুরী পরিস্থিতিতে বিতরণের জন্য জিআর চাল ৩০০ মেট্রিক টন, জিআর ক্যাশ ২০ লাখ ১৭ হাজার টাকা এবং শিশুখাদ্য ক্রয়বাবদ ৬ লাখ টাকা মজুদ রয়েছে বলে জানানো হয়। এ ছাড়াও বর্তমান পরিস্থিতিতে সরকারি ত্রাণের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, এনজিও, ব্যক্তি, সংগঠন, সংস্থা প্রভৃতি উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সমাজের বিভিন্ন স্তরের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে। জেলার ৮ টি উপজেলায় এ পর্যন্ত ৪৯ হাজার ৮১৭ জন উপকারভোগীর নিকট নগদ অর্থ সহায়তা বাবদ ১কোটি ৪ লাখ ৫৫ হাজার টাকা এবং বিভিন্ন ধরণের খাদ্য সহায়তা যার আনুমানিক আর্থিক মূল্য ২ কোটি ৫৪ লাখ ২৩ হাজার ৬৪৬ টাকা বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, কক্সবাজার জেলার প্রতিটি মানুষের কল্যাণে তার উপর অর্পিত দায়িত্ব পালনে সদা সচেষ্ট। একাজে মাননীয় সংসদ সদস্যগণ, পৌরসভার মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ সহায়তা করে যাচ্ছেন। তিনি সম্মানিত রাজনীতিবিদ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও পেশাজীবী সকলের আন্তরিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আগেরামুতে মনসুর আলী সিকদার ওয়াক্ফ স্টেট এর খাদ্য সামগ্রী বিতরণে ইউএনও প্রণয় চাকমা
পরেকক্সবাজারে বুধবার ২ জন করোনা রোগী সনাক্ত