
মিজবাউল হক, চকরিয়া:
জুতা কিনা হলো না নিশানের। ভাইয়ের সাথে পায়ের একজোড়া স্যান্ডেল কিনতে বানিয়ারছড়া স্টেশনে যাচ্ছিলো লামা উপজেলার ফাইতং ছোবাহানিয়া নুরুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোঃ নিশান। কিন্তু বিধি বাম। তাদের বহন করা সিএনজি গাড়িটি নজরে পড়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের। আকস্মিক ধাওয়া করে পুলিশ। পুলিশের কবল হতে বাঁচতে সিএনজি চালকও তার গতি বাড়িয়ে দেয়। একপর্যায়ে পুলিশের ধাওয়ায় সিএনজি গাড়িটি উল্টে যায়। এতে চাপা পড়ে যায় এতিম মোঃ নিশান (১৪)। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিশানের। গত ১৭ মে’ দুপুরে ঘটেছে এ ঘটনা। এঘটনায় বিক্ষুব্ধ হয়ে পুলিশকে ধাওয়া দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্ঠা করে।
নিশান লামা উপজেলার ফাইতং ছোবহানিয়া নুরুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
স্থানীয়রা জানায়, চকরিয়ার দুইটি হাইওয়ে পুলিশ ফাঁড়ি প্রতিনিয়তই গাড়ি আটক করে প্রতি ৫-১০ হাজার টাকা করে আদায় করছে।
মাদরাসার প্রতিষ্ঠাতা শেখ এইচ এম আহসান উল্লাহ জানান, তার মাদরাসার হেফজ বিভাগের ছাত্র মোঃ নিশান (১৪) ভাইয়ের সাথে সিএনজি গাড়িতে করে জুতা নেয়ার জন্য বানিয়ারছড়া যাচ্ছিলেন। প্রতিমধ্যে নির্মম এ ঘটনাটি ঘটেছে। সে ফাইতং ৪নং ওয়ার্ড মহেশখালী পাড়ার আবুল কাসেমের পুত্র। তবে পিতা অন্যত্রে বিয়ে করে সংসার করায় পিতা থেকেও নেই। কে নেবে এই নিরীহ নিশানের মৃত্যুর দায়ভার ? পুলিশ কি শেষ পর্যন্ত ঘটনার দায়ভার চালকের উপরই চাপাবে ?













