
মানুষ হতে চাই
মুহিব কাদেরী
আমি এখন অল্প মানুষ
সত্য বচন ভাই,
কঠিন সময় পাড়ি দিয়ে
মানুষ হতে চাই।
আমরা যারা মানুষ বলে
পরিচয়টা দেই,
অনেক জনা নামেই মানুষ
মনুষ্যত্বই নেই।
ছোট্ট শিশু মানুষ হয়ে
জন্মায় দুনিয়ায়,
পাক পবিত্র দেহখানি
বাড়ে খোদার দয়ায়।
শৈশব-কৈশোর মধুর সময়
কোনো চিন্তা নাই,
যুবক বয়স নানা সংকট
নিজেকে হারায়।
সত্যিকারের মানুষ হওয়ার
সময় যখন শুরু,
লোভ-লালসার জীবন তখন
বুকটা দুরুদুরু।
মন পাথরে ঢেকে দিয়ে
হিংসা-বিদ্বেষ বাড়ায়,
অহংকারে জীবন গড়ে
মানুষটাকেই এড়ায়।
যে মানুষটা হওয়ার জন্য
এই ধরাতে আসা,
মনের ভিতর ভিড় করেছে
ঘনকালো কুয়াশা।
এই কুয়াশায় জীবন যদি
পুরো ঢেকে যায়,
মানুষ হওয়া সত্যি কঠিন
হারাবে যে ন্যায়।
ন্যায়-নীতি নিয়ে যদি
জীবনটাকে গড়ি,
মানুষ হওয়ার নেশা তবে
বিশাল মুক্ত ঘুড়ি।
মুক্ত জীবন সত্যি মানুষ
এটাই আমার চাওয়া,
মরার পরেও মানুষ হয়ে
ভালোবাসা পাওয়া।
মুহিব কাদেরী
পার্সিভ্যাল হিল,চট্টগ্রাম।













