
নিজস্ব প্রতিবেদক
শহরের ঝাউতলার বিজয় স্মরণী নামে এক হোটেলে চাঁদাবাজিকালে ঢাকার কথিত ৩ সাংবাদিককে গণধোলায় দিয়েছে জনতা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে ঢাকার আন্ডারগ্রাউন্ডের পত্রিকা দৈনিক দিন প্রতিদিন ও দ্বীপটিভি ডট কম’র পরিচয় দিয়ে ৬জন যুবক হোটেল বিজয় স্মরণীতে প্রবেশ করেন। এসময় তারা হোটেলের প্রধান ফটক বন্ধ করে দিয়ে প্রত্যেকটা রুমের ভিডিও করতে থাকে। হোটেলে অবস্থান করা পর্যটকদেরও তারা নাজেহাল করে। পরে হোটেলের প্রোপ্রাইটর বাবু ভিডিও করার কারণ জানতে চাইলে তাকেও তারা জোর করে এক পর্যটক মহিলার পাশে বসিয়ে ভিডিও করে। পরে হোটেলে অনৈতিক ব্যবসা চালানোর কথা বলে হোটেল কর্তৃপক্ষ থেকে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করা হয়। তারা নিজেদের ওই সব পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদন করতে আসার কথা জানায়। সদর থানার এ্যাসাইনমেন্ট জমা দিয়ে কথিত এসব সাংবাদিক নিউজ করতে যান বলে জানান তারা। তাদের ভয়ে নিরুপায় হয়ে হোটেলের প্রোঃ বাবু ২০ হাজার টাকা প্রদান করেন। পর বিষয়টি স্থানীয়দের জানালে ওই যুবকদের গণধোলায় দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। এঘটনায় কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানায় অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কক্সবাজারে এসে অখ্যাত পত্রিকা ও অনলাইন টিভির নামে চাঁদাবাজির বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকরা।













