
প্রেস বিজ্ঞপ্তি :
‘সাম্প্রদায়িক সহিংসতা আমার এলাকায় নয়’ এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ী ও ধর্মীয় উপাসনালয়ে হামলার প্রতিবাদে আজ ২৪ মার্চ, ২০২১ তারিখ বুধবারে কক্সবাজারের উখিয়া উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-পিএফজির উদ্যোগে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। পিস এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর নেতৃত্বে উখিয়ার সোনার পাড়া বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিকাল তিনটায় শুরু হওয়া এ মানববন্ধনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এ দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিজেদের মধ্যে সম্প্রীতির সম্পর্ক বজায় রেখেছেে। কিন্তু সাম্প্রতিক সময়ে কতিপয় ধর্মান্ধ দুস্কৃতিকারী ধর্মীয় উগ্রপন্থাকে পুঁজি করে এ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যে ষড়যন্ত্রের সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে সুনামগঞ্জের নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর পরিকল্পিত হামলা। আমরা উখিয়ার পিএফজি সদস্যরা কখনোই এ ধরণের হামলাকে সমর্থন করিনা, বরং এ হামলার তীব্র প্রতিবাদ করছি এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের অন্য কোথাও কোন দুস্কৃতিকারী ধর্মকে পুঁজি করে যাতে এ ধরণের ঘটনা ঘটাতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজির সদস্য ও উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুন্নেসা বেবী, জাসদের সভাপতি শফিউল আলম বাবুল, বিএনপির সিনিয়র সহ সভাপতি জহুর আহমদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দলিলুর রহমান শাহিন, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাত আরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হোসেন আবু, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মো. আনোয়ার, সাংবাদিক ফারুক আহমদ, আরাফাত হোসেন চৌধুরী, ছাত্রলীগ নেতা রেজাউল কবির জুয়েল, মো. মোর্শেদ, আবু হোসেন, সাহাব উদ্দিন, খায়রুল আমিন, ফজলুল কাদের চৌধুরী প্রমুখ।












