
সিবিকে ডেস্কঃ
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়া। এরপর থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং সমমনা দলগুলো দিনটিকে জিয়াউর রহমানের ‘শাহাদতবার্ষিকী’ হিসেবে পালন করে আসছে। করোনাভাইরাস মহামারীর মধ্যে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভাসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে আজ রবিবার ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সব মহানগর ও জেলা কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণ। বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে দলের শ্রদ্ধা নিবেদন। স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরীর ৮০টি স্থানে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। এতে বিএনপি মহাসচিব ও সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেবেন। এ উপলক্ষে গতকাল বিকালে কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন স্থানে দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। এদিকে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের নেতৃত্ব ছিল অবিস্মরণীয়।













