
ফারুক আহমদ, উখিয়া
ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান ” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ( ১ম রাউন্ড) আজ ৫ জুন থেকে সারা দেশের ন্যায় উখিয়ায় শুরু হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে শিশু কে ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক ( প্রশাসন) ডাক্তার মিসবাহ উদ্দিন আহমেদ।
অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ ও অন্ধত্বের হাত থেকে রক্ষা পেতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ ক্যাম্পেইনের আয়োজন করেছেন।
ক্যাম্পেইনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রনজন বড়ুয়া রাজন।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এহেসান উল্লাহ সিকদার , ডাক্তার ফাহমিদা , ডাক্তার সাজেদুল ইমরান উপস্থিত ছিলেন।
এছাড়াও স্বাস্থ্য পরিদর্শক , সহকারী স্বাস্থ্য পরিদর্শক , ল্যাব টেকনিশিয়ান , নার্স ও স্বাস্থ্য কর্মী গণ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন জানান, এবারের ৪৬ হাজার ৫ শত ৮৭ জন শিশু কে উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ জুন পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে।












