
মোঃ নুরুল হক সিকদার:
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকা থেকে ২০ হাজার ইয়াবা সহ ১ মাদক কারবারি কে আটক করেছে র্যাব।
আটককৃত মাদক কারবারি কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাইট হাউস পাড়ার আলমগীর এর ছেলে এনামুল কবির।
মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় এ অভিযান চালানো হয়েছে।
বুধবার সকালে এই খবর জানিয়েছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান, কতিপয় মাদক কারবারী লিংক রোড এলাকার মেরিন সিটি শপিং কমপ্লেক্সে এর সামনের পাকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল অভিযান চালায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আবুল কালামকে আটক করা হয়। পরে তার সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে এনামুল কবির স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।













