
আল মাহমুদ ভূট্টো :
জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন এর উদ্যোগে এবং জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলে একাডেমীর সহযোগীতায় কক্সবাজার জেলার লং বীচ হোটেলে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক একটি তিনদিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। ২২ জুন, ২০২১ এই কর্মশালার প্রথম দিনে ৩০ জন স্থানীয় সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন ইউএন উইমেনের প্রতিনিধি- মাহমুদুল করিম, ডয়েচে ভেলের কক্সবাজারের প্রকল্প ব্যবস্থাপক এবং ট্রেইনার – মাইনুল ইসলাম খান এবং ডয়েচে ভেলের কক্সবাজারের কো-প্রজেক্ট ম্যানেজার এবং ট্রেইনার – মাফিয়া মুক্তা।
কর্মশালাতে বিশেষ ট্রেনার হিসেবে জার্মানী থেকে অনলাইনে যুক্ত হয়েছিলেন ডয়েচে ভেলে একাডেমীর ডিসপ্লেসমেন্ট এন্ড ডায়লগ প্রকল্প পরিচালক এবং ট্রেনার আন্দ্রিয়া মার্শাল।
কর্মশালাটির মূল লক্ষ্য ছিল গণমাধ্যমে নারী ও পুরুষের ভারসাম্য রক্ষা, গণমাধ্যমে নারীকে সংবেদনশীলভাবে উপস্থাপন, নারীর প্রতি সহিংসতা বিষয়ক প্রতিবেদনে সংবেদনশীল শব্দের ব্যবহার এবং নির্ভরযোগ্য তথ্যের উৎস সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের সাম্যক ধারণা দেওয়া। এছাড়াও গণমাধ্যমে সংবাদ এবং অনুষ্ঠানে নারীপুরুষের ভারসাম্যমুলক উপস্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে আন্দ্রিয়া মার্শাল সাংবাদিকতায় আরো নারী সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয় প্রস্তাব করেন। নারীদেরকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন না করে বিভিন্ন সফল এবং অভিজ্ঞ নারীদের গল্প প্রকাশ করার আহবান জানান।
ভিকটিমদের সুরক্ষার জন্য সাংবাদিকদের সক্রিয় ভুমিকা অবলম্বনের বিষয়েও সভায় আলোচনা হয়। বিশ্বে নারীর প্রতিভার স্বীকৃতি, শান্তিপূর্ণ এবং সমতার বিশ্ব তৈরিতে সাংবাদিকরা যে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পারে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়।
কর্মশালায় উপস্থিত সাংবাদিকগণ জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা এবং প্রতিবেদন তৈরির ক্ষেত্রে জেন্ডার সংবেদনশীলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা নিয়ে গ্রুপ ওয়ার্কে অংশগ্রহণ করেন।













