
নিজস্ব প্রতিবেদকঃ
রামু থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময ঈদগাঁওতে ধরা পড়েছে ৩ জন। শনিবার ভোরে ঈদগাঁও বাসস্ট্যান্ডে তারা পুলিশের হাতে ধরা পড়ে।
আটকরা হলেন, রামুর শ্রীমুরার নাসিরপাড়া গ্রামের মনির আহম্মদের ছেলে ইমরান হোসেন (২৫), ধাউনখালীর বজল করিমের ছেলে মো. জুয়েল (২৪) ও কক্সবাজার শহরের বাছা মিয়ারঘোনা এলাকার আব্দুর রব কামরুলের ছেলে সাইফুল ইসলাম (২৯)। তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে ঈদগাঁও থানা পুলিশ।
থানা সূত্র জানায়, শনিবার ভোরে গরুসহ একটি পিকআপ ভ্যান ঈদগাঁও বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তার উপর পৌঁছালে ইদগাঁও থানা পুলিশের একটি নৈশকালীন টহল দলের সন্দেহ হয়। তারা গাড়িটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে আটকরা গরু চুরির বিষয়টি স্বীকার করে। শুক্রবার রাতে রামুর চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা গ্রাম হতে গরুটি চুরি করে তারা খুটাখালী নিয়ে যাচ্ছিল।
জানা গেছে, ঘটনার আগের দিন গরুরটি কুরবানীর উদ্দেশ্যে হাট থেকে কিনে এনে গোয়ালে রাখে গৃহকর্তা ফরিদুল আলম (রামুর বাসিন্দা)। ভোররাতে উঠে দেখে গোয়ালের গরু নাই। এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আদালতের অনুমতি পেলে গরুটি কুরবানির আগেই মালিকের কাছে ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।













