সৌন্দর্য হারাচ্ছে মহেশখালীর আদিনাথ জেটি

0
6

মহেশখালী প্রতিনিধিঃ

মহেশখালীর আদিনাথ পাহাড় ঘেঁষে প্যারাবনের মাঝখানে চলে আসা সরু আকৃতির ৭০০ মিটারের জেটি ঘাট উপজেলার একমাত্র পর্যটন স্পট হিসেবে পরিচিত। জেটি ঘাটটি নির্মাণের  দীর্ঘ ১৬ বছর পার হলেও নতুন করে কোন ধরনের সংস্কার করা হয়নি। এতে দিন দিন হারিয়ে যাচ্ছে এই পর্যটন স্পটের সৌন্দর্য।

জানা গেছে, জেটির পিলারগুলোতে ফাটল ধরে ও পাটাতনের উপরের অংশ প্রায় উঠে যাওয়ায় স্পটটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য। আর এই নষ্টের হাত থেকে রক্ষা করতে হলে আদিনাথ জেটি দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

বিকেল নামলেই সকল শ্রেণী-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয় মনোমুগ্ধকর এই জায়গা। আর ভোরবেলায় মধ্যবয়সীরা চলে আসেন ব্যায়াম করতে। দুই পাশে সবুজ প্যারাবন, কোহেলিয়া নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য, ছোট ছোট নৌকার পাল, পাখিদের উড়ে যাওয়া, সূর্যাস্তের বিস্ময়কর রং দেখতে মানসিক প্রশান্তির সন্ধানে মানুষ  ছুটে আসেন এই জেটি ঘাটে।

৮ আগস্ট সরেজমিনে গিয়ে দেখা যায়, আদিনাথ জেটির ২৩৮টি পিলারের মধ্যে প্রায় ৭৫টি পিলারে ফাটল ধরেছে। এছাড়াও জেটির পাটাতনের উপরের অংশ উঠে যাচ্ছে।

খোঁজে নিয়ে জানা যায়, ২০০৫ সালে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে জেটি ঘাটটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের পর থেকে জেটি ঘাটে কোন প্রকার সংস্কার করা হয়নি।

স্থানীয় দর্শনার্থীরা জানান, সারাদিনের কর্ম ব্যস্ততার পর এলাকার মানুষ আদিনাথ জেটি ঘাটে ঘুরতে আসে। কিন্তু স্থানটি নষ্টের পথে এখন। এই নষ্টের হাত থেকে এটি রক্ষা করতে হলে আদিনাথ জেটি দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে মনে করছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সবুজ কুমার বলেন, ‘আদিনাথ জেটি সংস্কার উপযোগী হলেও ফান্ড না থাকায় কাজ করা যাচ্ছে না। ফান্ড আসলে সংস্কার কাজ করা হবে।’

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, ‘বর্তমানে আদিনাথের আশেপাশে সৌন্দর্য বর্ধনের কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে আদিনাথ জেটি সম্পূর্ণ রং করা হবে।’

আগেচট্টগ্রামে আরও একজন ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত
পরেপদ্মা সেতুর পিলারে ফের ফেরির ধাক্কা