
সিবিকে ডেস্কঃ
যৌতুক লেনদেন নিয়ে বিরোধে সাভারে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার হয়েছেন গৃহিণী সোনিয়া আক্তারের নানা শহীদ মোল্লা ও মামা আবদুল মান্নান। সোনিয়ার স্বামী বখাটে আবুল কালাম ও তার লোকজন এই ঘটনা ঘটায়। কালাম তার নানাশ্বশুর ও মামাশ্বশুরকে ‘চোর’ অপবাদ দিয়ে পাইপের সঙ্গে বেঁধে পায়ে পেরেক ঢুকিয়ে নির্যাতন চালায়।
এ ঘটনার পর গত বুধবার রাতেই নির্যাতনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ১৩ মাস আগে সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মৃত আবুল হোসেনের কন্যা সোনিয়া আক্তারের সঙ্গে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর কাজীপাড়া গ্রামের বসির মহাজনের বখাটে ছেলে আবুল কালামের বিয়ে হয়। গত ১০ আগস্ট সন্ধ্যারাতে সোনিয়ার নানা ও মামা তাকে দেখতে আসেন। তখন সোনিয়ার স্বামী আবুল কালাম ও তার লোকজন তাদের আটক করে। এরপর তাদের পানির ট্যাংকির পাইপে বেঁধে বেদম প্রহার এবং পায়ে পেরেক ঢোকানো হয়। এ সময় নির্যাতনকারীরা ‘চোর চোর’ বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ঘটনার সময় কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করেন। পরে এ ভিডিও ভাইরাল হলে তাতে দেখা যায়, সোনিয়ার মামা ও নানাকে রশি দিয়ে বেঁধে মারধর করা হচ্ছে।













