চট্টগ্রাম আদালতে বোমা হামলা : জেএমবির বোমা মিজানের মৃত্যুদণ্ড, জাবেদের যাবজ্জীবন

0
6

সিবিকে ডেস্কঃ

২০০৫ সালে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে বোমা হামলায় পুলিশ কনস্টেবলসহ দুই জনের মৃত্যুর ঘটনায় জেএমবির বোমা মিজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আরেক জঙ্গি মোহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল আলীম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান অনুপস্থিত ছিলেন। তিনি ভারতে গ্রেপ্তার হয়ে সেখানকার কারাগারে রয়েছেন।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকালে জাবেদকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে আনা হয়। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মনোরঞ্জন দাশ বলেন, মামলায় ৭৭ সাক্ষীর মধ্যে ৩২ জনের সাক্ষ্য নেওয়া শেষে এক আসামির উপস্থিতিতে আর একজনের অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়। সাক্ষী গ্রহণের দীর্ঘ সূত্রিতার কারণেই রায় ঘোষণায় বিলম্ব হয়েছে বলে জানান তিনি৷

আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকে পুলিশের তল্লাশিচৌকির সামনে বোমা হামলা চালান জেএমবির সদস্যরা। ঘটনাস্থলে নিহত হন পুলিশের কনস্টেবল রাজীব বড়ুয়া ও বিচারপ্রার্থী শাহাবুদ্দীন। আহত হন পুলিশের কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন।

বোমা হামলার এ ঘটনায় করা মামলায় পরের বছরের ১৮ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এরপর অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়। আসামি থাকলেও আরেক মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় এ মামলায় সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ তিন জঙ্গিকে অভিযোগ গঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।

আগেটেকনাফে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
পরেরামু ইশান মোটরসে ভাংচুর ও কর্মচারিদের ছুরিকাঘাতে অভিযুক্ত জনি গ্রেফতার