সোনাদিয়ায় ঘুরতে গিয়ে বোট ডুবিতে নিখোঁজ চকরিয়ার কিশোর

0
5

নিজস্ব প্রতিনিধিঃ

চকরিয়ার খুটাখালী থেকে সোনাদিয়ায় ঘুরতে গিয়ে কাঠের বোট ডুবে সাকিব হাসান (১৮) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ হাসান উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাককুমপাড়ার মো. জাফরের ছেলে।

সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়ায় ত্রিমুখী মোহনা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এসময় কাঠের বোটে থাকা ১৫ জনের মধ্যে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার অলি আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা সবাই একই গ্রামের বাসিন্দা। ভ্রমণে গিয়ে বোট ডুবির ঘটনায় ওই কিশোর নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, সোমবার সকালে খুটাখালীর বাককুম পাড়ার ১৫ কিশোর- যুবক ঘুরতে খুটাখালী লালগোলা থেকে ছোট কাঠের বোট নিয়ে সোনাদিয়ায় যায়।
সারাদিন সেখানে অবস্থান করে বিকেলে ফুটবল খেলে ঘড়িভাঙ্গা হয়ে সোনাদিয়ার পশ্চিম পাশ দিয়ে ফেরার পথে রাত সাড়ে আটটার সময় বোটটি প্রবল ঢেউয়ের তোড়ে বালির চরে আটকা পড়ে।

একপর্যায়ে বোট থেকে ছিটকে পড়ে সবাই সাগরের পানিতে হাবুডুবু খায়। তাদের মধ্যে একজন দ্রুত ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ তাৎক্ষনিক নৌবাহিনীর সহায়তা চেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠায়। পরে রাত সাড়ে ১১ টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় ১৪ জনকে উদ্ধার করা হলেও এখনো সাকিব হাসান নিখোঁজ রয়েছেন।

উদ্ধার কিশোর তৌহিদ ও আবদুল্লাহ জানিয়েছেন, রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পানিতে সাতরিয়ে সবাই আশপাশের ফিশিং বোটগুলোর সহায়তা চায়। এসময় বোটের মাঝি মাল্লারা ১৪ জনকে জীবিত উদ্ধার করে ঘড়িভাঙ্গা নিয়ে এসে থানা পুলিশকে হস্তান্তর করেন। বাকি একজন কিশোর নিখোঁজ রয়েছে।

তাকে উদ্ধার করতে প্রশাসনের পাশাপাশি মহেশখালী থেকে বেশকটি বোট গেছে সাগরে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, কাঠের বোট নিয়ে ভ্রমণে গিয়ে ১৫ যাত্রীর নৌকাডুবির ঘটনা শুনেছি। সেখানে প্রশাসনের লোকজন পাঠিয়ে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১জন নিখোঁজ রয়েছে।

আগেরামু রশিদ নগরে টমটম চালক সাইমুন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
পরেকর্ণফুলী টানেল উন্মুক্ত হচ্ছে শুক্রবার, গাড়ি চলবে পরে