
সিবিকেঃ
কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েই চলেছে প্লাস্টিকের ব্যবহার। প্রতিদিনই বালিয়াড়িতে মিলছে ভ্রমণে আসা পর্যটকদের ফেলে দেয়া অসংখ্য প্লাস্টিকের পানির বোতল, ওয়ানটাইম চায়ের কাপ, মাস্ক ও পলিথিন। ফলে বর্জ্যে দূষিত হচ্ছে সৈকতের পরিবেশ।
পরিবেশবাদীদের দাবি, সৈকতের সৌন্দর্যহানির পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার বন্ধে সচেতনতা তৈরিতে প্রশাসন উদাসীন। অবশ্য প্রশাসন গতানুগতিকভাবে সৈকতের প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার আশ্বাস দিয়েছে।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকতের সৌন্দর্য্যের টানে প্রতিদিনই ছুটে আসে হাজার হাজার ভ্রমণ পিপাসু। তারাই ফেলছেন অসংখ্য প্লাস্টিক পানির বোতল, ওয়ান টাইম চায়ের কাপ, ব্যবহার করা মাস্ক, চিপস ও বিস্কুটের প্যাকেট সৈকতে। প্লাস্টিকের বর্জ্যে ভরে গেছে বালিয়াড়ি।
আলমগীর একজন লাইফ গার্ড কর্মী। কিন্তু বিকেকের তাড়নায় প্রতিদিনই সকালে পর্যটকের ফেলা প্লাস্টিকের বর্জ্যে পরিষ্কার করেন তিনি।
শুধু আলমগীর নন, সৈকতে প্রতিদিনই বর্জ্য পরিষ্কার করেন ২০ জনের অধিক পরিচ্ছন্ন কর্মী। তারাও বলছেন, সৈকতের প্লাস্টিকের ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়েছে।
সৈকতের সৌন্দর্যহানির পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছে পরিবেশবাদি সংগঠন।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু বলেন, প্রতিদিন উন্মুক্তভাবে সমুদ্র সৈকতে হাজার হাজার খালি বোতল, চিপস-বিস্কুটের প্যাকেটসহ নাধা বর্জ্য ফেলা হচ্ছে। এখানে অবশ্যই প্রশাসনের উদাসীনতা রয়েছে। প্রশাসন যদি কঠোর না হয় তাহলে সৈকতের সৌন্দর্য রক্ষা হবে না, পরিবেশও বিনষ্ট হবে।
পর্যটন সেলের দায়িত্বরত কর্মকর্তা জানালেন, সৈকতের প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন ও প্রটোকল সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, সৈকতের পরিবেশ রক্ষায় আমরা স্থানে স্থানে ঝুড়ি দিয়েছি। স্থানীয় দোকানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন প্লাস্টিক বা পলিথিন ব্যবহার না করে। বিষয়টি মনিটরিং করা হচ্ছে। আশা করি, এগুলো আর থাকবে না।
প্রতিদিন সৈকতের বালিয়াড়ি থেকে পরিষ্কার করা হয় ৬০ কেজি খালি পানির বোতল, ৫ হাজারের বেশি ওয়ানটাইম চায়ের কাপ ও মাস্ক এবং এক ট্রাকের বেশি চিপস, বিস্কুটের প্যাকেট, ডাবের খোসা ও পলিথিন।













