
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে কক্সবাজার থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বলেন, আমরা কক্সবাজার শহর থেকে ইকবাল নামে একজনকে গ্রেপ্তার করেছি।
সেই কুমিল্লার ঘটনায় জড়িত ইকবাল কি না তা কুমিল্লা পুলিশ যাচাই করে কনফার্ম করবে।
তাকে কুমিল্লায় পাঠানোর প্রস্তুতি চলছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন, আমরা মোটামুটি নিশ্চিত সঠিক ব্যক্তিকেই ধরেছি। তাকে কক্সবাজারের সুগন্ধা বিচ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ নাম ইকবাল বলে জানিয়েছেন। কুমিল্লা থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
অন্যদিকে কুমিল্লার এসপি ফারুক আহমেদ বলেন, ইকবালকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে।
বিষয়টি বিস্তারিত ভাবে যাচাই করা হচ্ছে। তাকে কুমিল্লায় আনার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।













