
নিজস্ব প্রতিনিধিঃ
উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আরও দুই রোহিঙ্গাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে এপিবিএন। শনিবার (৩০ অক্টোবর) বিকেলে উখিয়ার কুতুপালং ১ নম্বর ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, কুতুপালং এক নং ক্যাম্পের ডি-ব্লকের ছব্বির আহমদের ছেলে আবুল কালাম প্রকাশ আকু (৩৪) ও একই ক্যাম্পের ডি/৪ ব্লকের সৈয়দ আনোয়ারের ছেলে নাজিম উদ্দিন (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক।গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) নিজ অফিসে অবস্থান করছিলেন মুহিবুল্লাহ। এসময় বন্দুকধারীরা গুলি করে হত্যা করে তাকে। এখন পর্যন্ত এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মোহাম্মদ ইলিয়াছ নামে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।












