
সিবিকে ডেস্কঃ
বঙ্গোপসাগরে মাছ শিকারকালে সেন্টমার্টিনের কাছাকাছি অবস্থান থেকে আটক করা বাংলাদেশি ২২ জেলেসহ চারটি ট্রলার ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, মাঝিমাল্লাসহ ট্রলার আটক করে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর সেদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। উভয় পক্ষের দীর্ঘক্ষণ আলোচনা চলে। এক পর্যায়ে উভয় পক্ষের কার্যক্রম শেষে গত শনিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টায় সময় তাদের ফেরত আনা হয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘কোস্টগার্ডের প্রচেষ্টায় মিয়ানমার নৌবাহিনী আটক করে নিয়ে যাওয়া বাংলাদেশি ২২ জেলেসহ চারটি ট্রলার ফেরত নিয়ে দেয়। এখন ট্রলারগুলো ফিরেছে সেন্টমার্টিন দ্বীপে। সব জেলেরা সুস্থ আছেন।’
ফিরে আসা জেলে রকিব জানান, গত শুক্রবার সন্ধ্যায় সাগরে ট্রলার নিয়ে মাছ শিকারে যাই।পরে দিন সকালে সেন্টমার্টিনের পূর্ব দিকে কাছাকাছি অবস্থান থেকে মিয়ানমার নৌবাহিনী আমাদের ট্রলারসহ চারটি ট্রলারে ২২ জন জেলেকে আটক করে নিয়ে যায়। পরে কোস্ট গার্ডের প্রচেষ্টায় চারটি ট্রলারে সব জেলে ফেরত এসেছি।’
উল্লেখ্য, গতকাল শনিবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় সেন্টমার্টিনের পূর্বদিক থেকে দুই দফায় মাছ ধরার সময় সেন্টমার্টিন এলাকার নুরুল আমিন, মো. আজিম, মো. হোসেন এবং তার ছেলে মো. ইউনুছের মালিকাধীন চারটি ট্রলার ও ২২ মাঝিমাল্লাকে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যায়।













