
সিবিকে ডেস্কঃ
সারা দেশে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ দিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার (১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ আদেশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে (পরীক্ষা চলাকালীন) বলবৎ থাকবে।
এর আগে, এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। হলে কাউকে পরে প্রবেশ করতে দেওয়া হলে নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি লিপিবদ্ধ করে সেদিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।
তিনি জানান, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬২১টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ ও ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড এইচএসসিতে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন এবং কারিগরিতে ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন অংশ নেবেন। ২০২০ সালে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। গতবারের তুলনায় মোট পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৮৭৫ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ১২০টি ও কেন্দ্র বেড়েছে ২০টি।
বিদেশের ৮টি কেন্দ্রের মোট পরীক্ষার্থী ৪০৬ জন। এর মধ্যে সৌদি আরবের জেদ্দায় ১১৪ ও রিয়াদে ৭৪, লিবিয়ায় ২, কাতারে ৭৯, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ৩৪ ও দুবাইতে ২৬, বাহরাইনে ৫৮ এবং ওমানে ১৯ জন।
পরীক্ষা শেষে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। করোনার কারণে এপ্রিল মাসের পরীক্ষা শুরু হচ্ছে ডিসেম্বরে।













