
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলার সদর থানার লিংকরোড় এলাকা থেকে ১ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ৫৮ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ করিমা আক্তার রুবি (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৭।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত করিমা আক্তার রুবি (২৫), স্বামী- আব্দুসশুক্কুর, সাং- আঞ্জুমানপাড়া, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।
র্যাব-৭ এর সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রীবাহী অটোরিক্সা যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে টেকনাফ থেকে কক্সবাজার শহর দিকে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন দক্ষিণ মুহুরী পাড়া এলাকায় কক্সবাজার- টেকনাফ মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী অটোরিক্সা থামানোর সংকেত দিলে অটোরিক্সাটি র্যাবের চেকপোস্টের সামনে থামায়।
এ সময় অটোরিক্সা থেকে একজন মহিলা স্কুল ব্যাগ নিয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা আসামী করিমা আক্তার রুবি (২৫)কে আটক করে।
নিজ হেফাজতে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ৫৮ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ৭০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।













