হত্যার পর মেঝেতে পুতে রাখা হয় রোহিঙ্গা মাঝির লাশ

0
4

উখিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একবছর আগে অপহরণের শিকার রোহিঙ্গা মাঝি সৈয়দ আমীনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। শনিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার সিহাব কায়সার খান।

আটক ব্যক্তিরা হলেন উখিয়ার হাকিমপাড়া ক্যাম্প-১৪ এর ব্লক-ই/৩ এর সালামের ছেলে ইসলাম (২২), একই এলাকার কাশেমের ছেলে আবদুল মোন্নাফ (২৬) এবং সালামের ছেলে ইলিয়াস (২৮)।

পুলিশ সুপার সিহাব কায়সার খান জানান, উখিয়ার হাকিমপাড়া ক্যাম্প-১৪ হাকিমপাড়া ই/৩ ব্লকে মাঝি ও ভলান্টিয়ারদের সমন্বয়ে ব্লক রেইড পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, এ বছরের জানুয়ারিতে চাকমারকুল ক্যাম্প-২১ এর সি/৪ ব্লকের সৈয়দ আমীনকে (৪০) অপহরণ করে তারা ক্যাম্প-১৪ তে নিয়ে আসে। অপহরণের পর ভিকটিমের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা দাবি করে। পরে ২০-২৫ জন দুষ্কৃতিকারী মিলে তাকে হত্যা করে ক্যাম্প-১৪ এর মাঝি ইয়াকুব এর পরিত্যক্ত ঘরের মেঝেতে লাশ পুঁতে রাখে।

এসপি আরও জানান, শনিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্প-১৪ এর সিআইসিসহ থানা পুলিশের উপস্থিতিতে ইয়াকুব মাঝির ঘরের মেঝে থেকে লাশ উত্তোলন করা হয়।পরে সৈয়দ আমীনের লাশ তার স্ত্রী শনাক্ত করেন।

এ বিষয়ে টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ৮ এপিবিএন এর এই কর্মকর্তা।

আগেকক্সবাজারে পর্যটকের মৃত্যু
পরেমালয়েশিয়া যেতে যেসব সুবিধা পাবেন বাংলাদেশি কর্মীরা