
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাজারের অধিক ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি জানান, রোহিঙ্গা বসতি থেকে আগুনের সূত্রপাত হলেও কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। ইতোমধ্যে আগুনে প্রায় হাজারের অধিক রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। রোহিঙ্গা ক্যাম্পে বারবার আগুন লাগার ঘটনা ঘটছে। এখনো আগুন নেভানো সম্ভব হয়নি।
এর আগে, গত বছরের ২ মার্চ রাতে উখিয়ার ৮ ও ৯ নম্বর ক্যাম্পে ভয়াবহ আগুনে বহু বসতি পুড়ে যায় এবং বেশ কয়েকজন নিহত হয়েছিলেন। গত ২ জানুয়ারি অগ্নিকাণ্ডে আইওএম পরিচালিত একটি করোনা হাসপাতাল ও তার পাশের কয়েকটি বসতি পুড়ে যায়।












