
সিবিকে:
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় আগামী ৩১ জানুয়ারি ঘোষণা করা হবে। মামলার যুক্তি-তর্ক শেষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এই আদেশ দেন।
বুধবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।
তিনি বলেন, মামলার বিচারিক কার্যক্রমের শেষ ধাপ যুক্তি-তর্ক শেষ হলে আদালত মামলার রায় ঘোষণার তারিখ ধার্য্য করেন। গত ৯ জানুয়ারি থেকে চাঞ্চল্যকর মেজর সিনহা হত্যা মামলার চার দিনের যুক্তি-তর্ক শুরু হয়। শেষ দিনে (১২ জানুয়ারি) যুক্তি-তর্ক শেষে মামলার তারিখ ঘোষণা করেন আদালত।
এর আগে সকালে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও সাবেক পরিদর্শক লিয়াতক আলীসহ ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
ঘটনার পাঁচ দিন পর ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের নামে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।













