
নিজস্ব প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহি বাস, লবণ বোঝাই ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের চিকিৎসার জন্য স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম জানাতে পারেনি মালুমঘাট হাইওয়ে পুলিশ।
জানা গেছে, উপজেলার খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি লবণভর্তি ট্রাক ও একটি পিকআপের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।
দুঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাফায়েত হোসেন।













