চকরিয়ায় পাঁচ ভাইকে পিষে মারা সেই পিকআপ চালক ঢাকায় গ্রেপ্তার

0
7

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ায় পিকআপের চাপায় মর্মান্তিকভাবে পাঁচ ভাই নিহতের ঘটনায় সেই পিকআপ চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান।

শনিবার (১২ ফেব্রুয়ারি) কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এর আগে ৮ ফেব্রুয়ারি ভোরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা অংশের মালুমঘাট এলাকায় পিকআপ চাপায় পাঁচ ভাই নিহত হয়। যা পরিকল্পিত হত্যা বলে দাবি করে আসছে নিহতের স্বজনেরা।

পিকআপ ভ্যানের চাপায় নিহত পাঁচ ভাই হলেন, অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)।  গুরুতর আহত দুই ভাইয়ের একজন রক্তিম সুশীল (৩২) চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন এবং আরেক প্লাবন সুশীল (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও বোন হীরা সুশীল (২৮) চকরিয়ার মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি রাতে নিহতদের ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপ চালককে আসামি করে একটি মামলা করে।

আগেপাঁচ ভাইয়ের মৃত্যু: যে ছবি কাঁদাল সবাইকে
পরেরামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল রবিবার