
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ড্যাগার-চাকুসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন— মো. সালাউদ্দিন (৩২), মো. রশিদ উল্লাহ (৩৫), মো. জোহার (১৭), মো. রফিকুল ইসলাম (১৬) ও মো. ইউনুস।
আজ শুক্রবার র্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে খবর পেয়ে সুগন্ধা সড়কে অবস্থানকালে তাদের পাচঁজনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি ড্যাগার ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
আটক ছিনতাইকারীরা স্বীকারোক্তি দিয়ে জানিয়েছে, তারা সকলেই পেশাদার কিশোর গ্যাং। সৈকতে ঘুরতে আসা পর্যটকদের ড্যাগার-চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত করে সর্বস্ব লুট করত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের কক্সবাজার সদর মডেল থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা।













