
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে গভীর সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব।
শনিবার (১৬ এপ্রিল) ভোরে কক্সবাজার নাজিরারটেক চ্যানেল থেকে তাদের আটক করা হয়। বিকালে র্যাব ১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব ১৫ কক্সবাজার ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর শেখ মো. ইউসুফ।
আটকরা হলেন, শাহ জাহান (৩৭),মো. পারভেজ (২৩), মো. আব্দুল মাজেদ (২৭),আমির মো. ফয়সাল (২৪),মো. শাকের (৩০),মো. রফিক আলম (৩৫)।
কক্সবাজার ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর শেখ মো. ইউসুফ জানান, শনিবার রাতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি ট্রলার আটক করে তাতে তল্লাশি চালিয়ে ১ টি দেশিয় পিস্তল, ২ টি থ্রিকোয়ার্টান গনি, ৪ রাউন্তু কাজ, ২ টি রামদা, ১ টি স্যাটেলাইট ফোন, ১ টি কম্পাস, ১ টি জিপিএস, পাচারকৃত সদস্যদের ফেলে যাওয়া ১৬ টি মোবাইল, ১০ টি সিমকার্ড, ১ টি হাতঘড়ি এবং নগদ ১,২০০/- টাকা উদ্ধারসহ ট্রলারটি জব্দ করা হয় ।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা মানব পাচারকারীদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের বিদেশে যেতে প্রলুব্ধ করে তারা এবং কেউ যেতে না চাইলে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।













