
উখিয়া প্রতিনিধি:
মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে পৌঁছালে তাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ পদস্থ সরকারি কর্মকতারা। এসময় তিনি ড্যানিশ রিফিউজি কাউন্সিলের উদ্যোগে ক্যাম্পের পাহাড় ভাঙ্গন রোধ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি পর্যবেক্ষণ করেন।
এরপর তিনি ৮ ও ৬ নম্বর ক্যাম্প ক্যাম্প পরিদর্শন ও পায়ে হেঁটে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখবেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলবেন।
এসময় রাজকুমারী গাছের চারা রোপন করবেন। তারপর তিনি রাজাপালং এলাকায় স্থানীয়দের সাথে সাক্ষাৎ করবেন।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে ৩ দিনের সফরে কক্সবাজার পৌঁছেন ডেনমার্কের রাজকুমারী। বুধবার (২৭ এপ্রিল) কক্সবাজার থেকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরা যাওয়ার কথা রয়েছে এই ডেনমার্কের রাজ কুমারীর।












