
উখিয়া প্রতিনিধি:
ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ জনকে আটক করেছে এপিবিএন পুলিশ। এ সময় তাদের কাছে থাকা অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ মে) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আকতার হোসেন (২০), মোহাম্মদ হাসান (১৮), মোহাম্মদ নূর (২০), সাইফুর রহমান (১৮), নুরুল আমীন (২৪), মোহাম্মদ শাহীন (১৯), মোহাম্মদ ইলিয়াছ (৩০), মোহাম্মদ রফিক (১৮), খাইরুল আমীন (১৯) ও মোহাম্মদ ইলিয়াছ (২২)।
বিষয়টি নিশ্চিত করেন এপিবিএন-১৬ এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ সুপার বলেন, সশস্ত্র লোকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১৫ জন পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে ১০ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।
এদের কয়েকজনের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও হত্যাসহ নানা অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা আছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানায় পুলিশ।












