
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সমুদ্র সৈকত ও এর আশেপাশের এলাকা থেকে ৪৭৩ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ বলছে, ক্যাম্পের বাইরে যেতে নিষেধ আছে, আটক রোহিঙ্গারা নিষেধ ভঙ্গ করেছেন। এ কারণেই তাদের আটক করা হচ্ছে। এছাড়া পর্যটকদের বিরক্ত করার অভিযোগও পেয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সমুদ্র সৈকত ও এর আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে, এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত দেড় শতাধিক রোহিঙ্গা আটক করা হয়েছে। তাদের বেশিরভাগই শিশু। পুলিশ আলাদাভাবে বিভক্ত হয়ে এখনও অভিযান অব্যাহত রেখেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস জানান, আটক রোহিঙ্গারা কিভাবে সৈকত পর্যন্ত পৌঁছেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের প্রথমে থানায় আনা হচ্ছে। সেখান থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কাছে হস্তান্তর করা হতে পারে।













