ছেলেরা চুরি করায় দুই মা’কে ৮ ঘন্টা বন্দী রেখেছে শিলখালীর চেয়ারম্যান

0
3
ওমর ফারুক হিরু:
কক্সবাজারের পেকুয়া’র শিলখালীতে ছেলেদের চুরির অপরাধে দুই মা’কে ৮ ঘন্টা বন্দী রাখার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই দুই নারীকে উদ্ধার করে স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকালে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, ছেলেরা পানির মোটর চুরি করেছে এমন অপরাধে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের দক্ষিণের ঝুম গ্রামের আহমদ হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৩৬) ও মোজাহের মিয়ার স্ত্রী মনোয়ারা বেগমকে গ্রাম পুলিশ পাঠিয়ে বাড়ী থেকে সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে খবর পেয়ে সন্ধ্যা ৬ টার দিকে পেকুয়া থানার এসআই মিন্নত আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীদের উদ্ধার করে।
ভুক্তভোগী নারী রাশেদা বেগম বলেন, তার ছেলে হুমায়নের বিরুদ্ধে চুরির মিথ্যা অপবাদে ইউপি চেয়ারম্যান গ্রাম পুলিশ পাঠিয়ে তিনি সহ অপর এক নারীকে ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রাখে।
ভুক্তভোগী নারী মনোয়ারা বেগম বলেন, ‘চেয়ারম্যান কামাল আমাদের আটকে রেখে মারধরের হুমকি দেয়। এক পর্যায়ে স্টাম্প নেয়ার পর ৫০ হাজার টাকা দাবী করেন। টাকা না দেয়ায় ইয়াবা দিয়ে পুলিশের হাতে তুলে দিবেন বলে হুমকি দেন। আমরা চেয়ারম্যানের এমন ঘটনায় আইনের আশ্রয় নিব।’
শিলখালী ইউপির সদস্য আহমদ ছবি বলেন, দুই ছেলে বহু মালামাল চুরি করেছে। তাই চেয়ারম্যানের নির্দেশে তাদের মা’কে নিয়ে আসা হয়। পরে ২০ হাজার টাকা করে জমা করার জন্য চেয়ারম্যান নির্দেশ দেন। যেটি ক্ষতিপূরণ হিসেবে দেখা হয়।
চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ছেলেগুলো চোর। তাদের মাকে নিয়ে আসা হয়েছে ছেলেগুলোকে হাজির করার জন্য। বেধে রাখার কথাটা সত্য নয়।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
পেকুয়া উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, বিষয়টি তিনি শুনেছেন। দুই মা’ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
আগেসৈকতে অশোভন আচরণের অভিযোগে তিন যুবককে জেলে দিল পুলিশ
পরেচকরিয়ায় আগুনে পুড়ে যাওয়া ৩০ টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আন্তর্জাতিক হিন্দু সংগঠন ইন্টারন্যাশনাল হিন্দু ভয়েজ – বাংলাদেশ