
ইয়াছিন আরাফাত,মহেশখালী
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদের এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে দেখা যাবে সময়ের আলোচিত তরুণ ও নতুন মুখ সাংবাদিক হোবাইব সজীবকে। এ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বাদে কোনও দলই প্রস্তুত হচ্ছেন না এ ইউনিয়নে। তবে তরুণ এ স্বতন্ত্র প্রার্থী মনে করেন বিভাজনের রাজনীতি নয়, এ পথে গুণগত পরিবর্তন আনাই হবে তরুণ ও নতুনদের চ্যালেঞ্জ। তবে কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড বর্তমান চেয়ারম্যান তারেককে নৌকার মাঝি মনোনিত করেছেন শুক্রবার রাতে। এখন নির্বাচন মোড় নিচ্ছে অন্যদিকে। অনেকে মনে করছেন নৌকার মাঝি তারেকের সাথে সাংবাদিক হোবাইবের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে সুষ্ট নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ভোটাররা।
এ ইউনিয়নের কয়েকজন প্রবীণ রাজনীতিবিদের সাথে কথা বলে জানা যায়, বেশিরভাগ তরুণ রাজনীতিবিদ একটি জায়গায় একমত যে, বিভাজন দিয়ে দেশকে এগিয়ে নেয়া যাবে না। তাদের মতে, পুরনো ধ্যান-ধারণা নিয়ে বসে থাকলে চলবে না। এখন প্রয়োজন পরিবর্তন। তবে তা করতে গিয়ে বিশেষ করে কালারমার ছড়ায় পরিবারতন্ত্রের নিয়ম-কানুন ভেঙে ফেলতে হবে। নতুন ও পুরনোর যৌক্তিক সংমিশ্রণ ঘটাতে হবে। তারা জানিয়েছেন নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তাঁরা মনে করেন শিক্ষিত, মেধাবী ও যোগ্য তরুণদের অংশগ্রহণের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসতে পারে।
কালারমার ছড়া ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবার খউস্বর গোষ্ঠীর তৎকালিন জমিদার মরহুম খাইরুল্লাহ মাতাব্বরের নাতী ও আলোচিত তরুণ সাংবাদিক হোবাইব সজীব ইতোপূর্বে এক সময়ের সন্ত্রাসীদের অভয়ারণ্যে খ্যাত এ জনপদে সাংবাদিক ও প্রশাসনের যৌথ সমন্বয়ে জলদস্যু-সন্ত্রাসীদের আলোর পথে এনে গোটা জেলাবাসীকে তাক লাগিয়ে আলোচনায় আসেন। পরে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে কয়েক দপা বৈঠক করেন এ সাংবাদিক। বর্তমানে প্রকাশ্যে ভোটের মাঠে আসায় ফের আলোচনা এলেন সাংবাদিক হোবাইব৷ তিনি চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণ ও অনলাইন ভিত্তিক ভিডিয়ো প্লাটফর্ম সিপ্লাস টিভি এবং বিজয় টিভির মহেশখালী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন৷
ভোট উৎসবে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম কেনার পর ১৩ মে শুক্রবার বিকালে কালারমারছড়ার বৃহত্তম গোষ্ঠী “খউস্বর” লোকজনের সাথে ঘরোয়া বৈঠক শেষে ভোট যুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন হোবাইব৷ এবারের নির্বাচনে আ.লীগের প্রার্থীর সাথে সরাসরি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াই হবে সাংবাদিক হোবাইব সজীবের। পাশাপাশি জেলা তাঁতিলীগ নেতা ফজলে আজিম মোহাম্মদ ছিবগাতুল্লাহ, যুবলীগ নেতা আকতারোজ্জামান বাবু শেষ পর্যন্ত ভোটের মাঠে লড়ে যাবেন বলে তথ্য রয়েছে। এদিকে সাংবাদিক হোবাইব ২০০৪ সালের দিকে মফস্বল সাংবাদিকতার আগমনে গত ১৬ বছরে হাটি -হাটি পা পা করে সংগোপনে এগিয়েছেন নিজের সফলতা স্বপ্ন-চূড়ায়। পরিবারতন্ত্রের কারণে ভুমিহীন হওয়া এ সাংবাদিককে নিয়ে অনেকে স্বপ্ন দেখছেন এখন। ভোটারদের একাংশ মনে করছেন সাংবাদিক হোবাইব সজীব ভোটের নির্বাচিত হতে পারলে কালারমারছড়ার বৃহত্তম দুই গোষ্ঠী কমলাবর ও খউস্বর লোকজন সহবস্থানে থাকতে পারবেন এলাকায়।
অন্যদিকে সাংবাদিক হোবাইবকে ভোটের মাঠে স্বাগত জানিয়ে জেলা উপজেলা পর্যায়ের সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব রয়েছেন। উল্লেখ্য: সব ঠিকঠাক থাকলে আগামি ১৫ জুন মহেশখালীর কালারমার ছড়া ও বড় মহেশখালী ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই বলে সহিংসহতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কালারমারছড়ায়। পুলিশ নিরপেক্ষ ভূমিকায় থাকবেন বলেও জানান ওসি।













