৯৩ জনই অনড় দুই পদে, কমিটি তাই ঢাকা থেকে

0
4

সিবিকে ডেস্কঃ

চিত্রনাট্যটা যেন তৈরিই ছিল। শুধু ঘোষণাটা কেবল ছিল বাকি। দিনভরের সম্মেলন শেষে এল সেটিও। চট্টগ্রাম দক্ষিণ এবং উত্তর জেলার মতো মহানগর যুবলীগের কমিটিও হবে ঢাকা থেকে।

প্রধান দুই পদে ৯৩ জন প্রার্থী অনড় থাকায় দুজনকে তাৎক্ষণিকভাবে বেছে নিতে পারেননি কেন্দ্রীয় নেতারা।

সোমবার সকাল ১০টা থেকে পাঁচলাইশের দ্য কিং অব চিটাগংয়ে শুরু হয় বহুল প্রতীক্ষিত মহানগর যু্বলীগের সম্মেলন। বিকেল তিনটা পর্যন্ত চলে আলোচনা সভা। রাত সাড়ে সাতটার দিকে দ্বিতীয় অধিবেশন শুরু হয় কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে। সেখানে সমর্থকদের নিয়ে হাজির হন পদপ্রত্যাশী নেতারা।

অনুষ্ঠারস্থলে বসা পদপ্রত্যাশীদের মধ্যে থেকে প্রথমেই সভাপতি পদে আগ্রহীদের মঞ্চে ডাকেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রার্থীরা একজন করে প্রস্তাবক ও সমর্থনকারীকে সঙ্গে নিয়ে মঞ্চে যান। সেখানে ছোটখাটো একটা সাক্ষাৎকারও যেন হয়ে যায়। এভাবে প্রতিজন প্রার্থীকে ডাকা হয় মঞ্চে। তবে এই পদে কেউ কেউ অন্য প্রার্থীদের সমর্থন জানিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

সভাপতি পদে আনুষ্ঠানিকতা শেষে এবার পরশ ডাকেন সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের। তাদেরও একইভাবে সাক্ষাৎকার নেওয়া হয়। এই পদেও কয়েকজন তাঁদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

এবার যুবলীগের প্রধান দুই পদ নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়। এই দুই পদেই জীবনবৃত্তান্ত জমা দেন ১০৮ জন প্রার্থী। তাদের মধ্যে অবশ্য দুই পদে ১৫ জন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন বলে সিভয়েসকে জানিয়েছেন যুবলীগের উপ প্রচার সম্পাদক আদিত্য নন্দী।

তিনি বলেন, ‘সভাপতি পদে ২৮ জন ও সেক্রেটারি পদে ৬৫ জন প্রার্থীতার প্রশ্নে অনড় রয়েছেন। অন্যরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।’

প্রধান দুই পদে ৯৩ জন প্রার্থী অনড় থাকায় যুবলীগের চেয়ারম্যান দুই পদের প্রার্থীদের ১০ মিনিট করে সময় নির্ধারণ করে দেন ঐক্যমত্যে আসার জন্য। কিন্তু নির্ধারিত সময়ে কেউ ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি।

এরপর শেখ ফজলে শামস্ পরশ কাউন্সিলরদের উদ্দেশে বলেন, ‘আসলে এখানে এতজন যোগ্য প্রার্থী, সেখান থেকে আমাদের এখন বাছাই করে নেওয়া কঠিন বিষয়। আপনারা যদি আমার প্রতি আস্থা রাখেন, তাহলে আমি শিগগিরই কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করব। এ বিষয়ে আপনারা আমাকে সমর্থন করছেন কিনা?’

পরশের প্রশ্নের বিপরীতে সবাই সমস্বরে হাত উঁচিয়ে ‘হ্যাঁ’ বলেন।

এরপরই অধিবেশন সমাপ্তি করে অনুষ্ঠানস্থল ছেড়ে যান যুবলীগের চেয়ারম্যান-সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা।

এর আগে, ২৮ ও ২৯ মে অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ ও উত্তরের সম্মেলনও শেষ হয় কমিটি ঘোষণা ছাড়াই। তিন শাখাতেই এখন কমিটি হবে ঢাকা থেকে। এর ফলে পদপ্রত্যাশী নেতাদের অপেক্ষা আরও বাড়ল!

আগেমহেশখালীতে দুই বিদ্রোহী প্রার্থীসহ পাঁচজনকে বহিস্কার করলো আ.লীগ
পরেঈদের পর ইভিএমের ‘ত্রুটি’ তুলে ধরবে বিএনপি