
সিবিকে ডেস্কঃ
দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের কারণে মহেশখালীর উপজেলার বড়মহেশখালী ও কালামারছড়া ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়া দুই বিদ্রোহী প্রার্থী ও তাদের তিন সহযোগীকে দল থেকে বহিস্কার করেছে আওয়ামী লীগ।
সোমবার (৩০ মে) দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের আনুষ্ঠানিকভাবে দল থেকে বহিস্কারের ঘোষণা দেয়া হয়েছে।
পাঁচজনের মধ্যে রয়েছেন, বড়মহেশখালীর বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহ আল নিশান, তার পিতা মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ বাদশা এবং উপজেলা শ্রমিকলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদু শুক্কুর ও বড়মহেশখালী ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালমান।
অন্যদিকে কালামারছড়ায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আকতারুজ্জামান বাবুকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দুল কাদের জানিয়েছেন, নবম ধাপের ইউপি নির্বাচনে বড়মহেশখালীতে মোস্তফা আনোয়ার ও কালারমারছড়ায় তারেক বিন ওসমান শরীফকে দলীয় প্রার্থী দিয়েছে। কিন্তু আদেশ অমান্য করে দুইজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং তাদের সহযোগী হিসেবে কাজ করছে দলের পদধারী আরো কয়েকজন। দলীয় শৃঙ্খলা বিরোধী এই কর্মকান্ডের কারণে তাদের পাঁচজনকে বহিস্কার করা হয়েছে।













