রোহিঙ্গা ক্যাম্পে মুন্না বাহিনীর গুলিতে আরসা সদস্য নিহত

0
12

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মুন্না গ্রুপের গুলিতে মো. সলিম নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত সলিম লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের আবদু শুক্কুরের ছেলে। তিনি আরসার সদস্য বলে জানা গেছে।

জানা যায়, বুধবার (১৫ জুন) রাতে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের পিঠখোলা বাজারের পাশে মুন্না গ্রুপের সন্ত্রাসীরা আরসা গ্রুপকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়ে। পরে আরসার সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় আরসার সদস্য মো. সলিমের বুকের বামপাশে গুলি লাগে পরে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মো. নাইমুল হক। তিনি বলেন, ভোরে লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বুধবার রাতে উখিয়ার ২ নম্বর ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে সলিম নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আগেরামুর জোয়ারিয়ানালা এইচ.এম সাঁচি উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পরেচকরিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর